ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ম্যাচ ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা করার দাবিতে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে। অবৈধ বুকমেকার ও দুর্নীতিতে জড়িত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা চেয়েছে সংস্থাটি।
সুপ্রিম কোর্টে দেওয়া আবেদনে বিসিসিআই বলেছে, ‘ম্যাচ ফিক্সিং একটি অপরাধমূলক কাজ।’ ক্রিকেটের ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে আরও বলা হয়, সুপ্রিম কোর্টে দাখিল করা নথিতে বিসিসিআই সতর্ক করেছে, ‘ম্যাচ ফিক্সিংকে অপরাধ হিসেবে ঘোষণা না করলে খেলাটির সততা ক্ষতিগ্রস্ত হবে এবং ন্যায্য প্রতিযোগিতার ভিত্তি ভেঙে পড়বে।’
গত ১৪ অক্টোবর আদালতের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া নথিতে বিসিসিআই উল্লেখ করেছে, ক্রিকেটে দুর্নীতির বিস্তার রোধ এখন জাতীয় স্বার্থের অংশ হয়ে উঠেছে।
টিএসএন
