ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। টাইগাররা এই সিরিজকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহার করবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায়।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ বর্তমানে চমৎকার ফর্মে আছে। সর্বশেষ চারটি সিরিজ জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়েছে লিটনের দল। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে হেরেছে তারা। তবে শেষ ম্যাচে রেকর্ড জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স এবং হোয়াইটওয়াশের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের হিসাব দুই দলের সমান হবে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল ১৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া অনলাইনে ট্যাপম্যাডের মাধ্যমে যেকোনো স্থানে ম্যাচ দেখা যাবে সাবস্ক্রিপশন নিয়ে।
খবরওয়ালা/টিএসএন
