দেশে ফিরেই ভারতের বিরুদ্ধে জয়ের সংকল্প জানালেন হামজা চৌধুরী

নেপাল-ভারতের ম্যাচ খেলতে আজ বিকেলে ঢাকায় পৌঁছেছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। দেশে ফিরেই ভারতকে হারানোর দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে খেলায় জয় সম্ভব মনে করছেন হামজা।

এর আগে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে ভারতের মাঠে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছিলেন হামজা ও জামাল ভূঁইয়া। এবার ভারতের বিরুদ্ধে জয়ের লক্ষ্য পূর্ণ করতে তিনি উদগ্রীব। হামজা বলেন, “সব কিছু পজিটিভ থাকলে ভালো কিছু হবে। শেষ খেলায় আমরা জিততে পারিনি, তবে ভারতের বিরুদ্ধে আমরা জিতব, ইনশাআল্লাহ।”

যদিও এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে দুই দলের, তবুও দেশের জন্য ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে জয় চান ২৮ বছর বয়সী মিডফিল্ডার। তিনি যোগ করেছেন, “ভারতের বিপক্ষে এটি আমাদের বড় ম্যাচ। দেশের জন্য হলেও আমরা জিতব। সবাই জয়ের জন্য কঠোর পরিশ্রম করছে। মাঠে সবাইকে দেখা হবে।”

ঢাকায় ফেরার অনুভূতি সম্পর্কে হামজা বলেন, “অসাধারণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ঢাকায় ফিরে এসে খুব ভালো লাগছে। আশা করি ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা হবে। এর আগে নেপালের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখাব।”

তবে ফেরার পথে ছোট খাট ধাক্কা আছে। ট্রাফিক জ্যামের কারণে ইংল্যান্ড থেকে বিমানে সময়মতো পৌঁছাতে না পারায় বাফুফের ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজ খরচে ৫ ঘণ্টা পরের ফ্লাইটে ঢাকায় পৌঁছান, এবং দুপুর ১২টার পরিবর্তে বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

Leave a Comment