নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত

৩০ সেপ্টেম্বর শুরু হওয়া ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপের পরিসমাপ্তি ঘটছে আজ। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের জন্যই এটি প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সুযোগ। তবে শিরোপার পাশাপাশি অর্থ পুরস্কারও এবার আকর্ষণীয়।

বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। অন্যদিকে, রানার্সআপ দল পাবে এর অর্ধেক অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার। তাই দুই ফাইনালিস্টের প্রাপ্তির চূড়ান্ত হিসাব জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত। তবে বাকি ছয় দলের প্রাপ্ত অর্থ ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে।

আইসিসি এবারের নারী বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে, যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চারগুণ বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপেও প্রাইজমানি ছিল কম—মোট ১ কোটি ডলার।

রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের কারণে প্রতিটি দলের প্রাপ্তিও বেড়েছে। এবারের পুরস্কার তিনটি বিভাগে ভাগ করা হয়েছে—অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান ও জয়সংখ্যা। এর মধ্যে অংশগ্রহণ বাবদ সব দলই সমান অর্থ পাবে। এই খাতে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার।

অবস্থানের ভিত্তিতে পুরস্কারের পরিমাণে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ৪৪.৮০ লাখ ও ২২.৪০ লাখ ডলার পাবে। বাকি ছয় দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট পাবে ১১.২০ লাখ ডলার করে, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনকারী দল পাবে ৭ লাখ ডলার করে এবং সপ্তম ও অষ্টম দল পাবে ২ লাখ ৮০ হাজার ডলার করে। বাংলাদেশ লিগ পর্বে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকায় টুর্নামেন্টে অবস্থানের ভিত্তিতে পাচ্ছে ২.৮০ লাখ ডলার।

জয়ের ভিত্তিতে পুরস্কারের তৃতীয় খাতে বাংলাদেশ পেয়েছে আরও অর্থ। সাত ম্যাচের মধ্যে একটি জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে, আর সেই এক জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাচ্ছে ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার।

সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ পেয়েছে অংশগ্রহণ বাবদ আড়াই লাখ, সপ্তম অবস্থানের জন্য ২.৮০ লাখ এবং এক জয়ের পুরস্কার হিসেবে ৩৪,৩১৪ ডলার। মোট পুরস্কারের পরিমাণ দাঁড়াচ্ছে ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার, যা বর্তমান বাজারমূল্য (১ ডলার = ১২২.৩২ টাকা) অনুযায়ী প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।

Leave a Comment