
বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের আবেগঘন বার্তা দিলেন লিওনেল মেসি
বিশ্বকাপের রাজমুকুট কার মাথায় উঠবে—স্পেন নাকি আর্জেন্টিনা? আর মাত্র কয়েক ঘণ্টা পরই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সেই শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই। এই মহারণের ঠিক আগের রাতে ফুটবল দুনিয়াকে আবেগপ্লুত করে তুলেছেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি। শনিবার রাতে পুরো দলকে নিয়ে তোলা একটি বিশেষ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিতে মেসির পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। শুধু মাঠের খেলোয়াড়রাই নন, সেই ফ্রেমে বন্দি হয়েছেন কোচিং স্টাফ, কঠোর পরিশ্রমী মেডিকেল টিম, কিট ম্যান, নেপথ্যের রাঁধুনি থেকে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াসহ সব কর্মকর্তা। ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে এটিই ছিল পুরো আর্জেন্টিনা শিবিরের শেষ আনুষ্ঠানিক দলীয় ছবি।
নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে মেসি তার বার্তায় ট্রফির চেয়েও দলের ঐক্যকে বড় করে দেখিয়েছেন। তিনি লিখেছেন, ‘এত বছরের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু শিরোপা নয়, পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিদিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল সবচেয়ে মূল্যবান।’
নেপথ্যের কারিগর ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর্জেন্টাইন অধিনায়ক আরও যোগ করেন, ‘আমার প্রতিটি সতীর্থ, কোচিং স্টাফ এবং প্রতিদিন যারা এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রাখতে কাজ করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল এমন একটি ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কখনো ভুলব না এবং কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আর্জেন্টিনা এগিয়ে যাও!’ মেসির এই বার্তা যেন ফাইনালের আগে পুরো দলকে এক সুতোয় বেঁধে ফেলার এক দারুণ মনস্তাত্ত্বিক টনিক হিসেবে কাজ করছে।
অন্যদিকে, মাঠের লড়াইয়ে নামার আগে শুরুর একাদশ সাজাতে শেষ মুহূর্তের কিছু কৌশলগত পরিবর্তন নিয়ে ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জেতা দলটিতে একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জুলিয়ানো সিমেওনের জায়গায় মাঝমাঠের প্রধান ভরসা রদ্রিগো দে পল একাদশে ফিরতে পারেন।
এর পাশাপাশি স্কালোনিকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে রক্ষণভাগের ডান-ব্যাক পজিশন নিয়ে। সেখানে নাহুয়েল মোলিনা শুরু থেকে খেলবেন, নাকি টাইব্রেকার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত গনসালো মন্তিয়েল সুযোগ পাবেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই দুটি সম্ভাব্য পরিবর্তন বাদ দিলে সেমিফাইনালের জয়ী দলের বাকি সদস্যদের ওপরই আস্থা রাখার সম্ভাবনা বেশি।
কাতার বিশ্বকাপে নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এবার তাদের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা। ট্রফি জয়ের সেই মহাযুদ্ধের আগে অধিনায়ক মেসির এই বার্তা পুরো দলকে স্পষ্ট মনে করিয়ে দিল—ফলাফল যা-ই হোক, তাদের এই পথচলা ও ভাতৃত্ববোধ ইতোমধ্যে ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে।