টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের জোড়া ফিফটিতেও অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে আনতে পারেনি। শেষ মুহূর্তের ঝোড়ো ইনিংসে ওয়াশিংটন সুন্দরের নেতৃত্বে ভারত স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে দেয়।
রোববার হোবার্টে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ও অস্ট্রেলিয়ার খেলা ১-১ সমতায় দাঁড়ালো। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়েছিল, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয় লাভ করেছিল।
রান তাড়ায় ভারতের প্রায় সবাই অবদান রাখে। অভিষেক শর্মা ২৫, শুভমান গিল ১৫, সূর্যকুমার যাদব ২৪ এবং তিলক ভার্মা ২৯ রান করে দ্রুত ভিত তৈরি করেন। ১৪৫ রানে পঞ্চম উইকেট হারানোর পর ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মার অপরাজিত জুটিতে জয় নিশ্চিত হয়। সুন্দর ২৩ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন। জিতেশ অপরাজিত থাকেন ১৩ বলে ২২ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৩টি উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া আর্শদীপ সিংয়ের তোপে মাত্র ১৪ রানে ২ উইকেট হারায়। মিচেল মার্শও ১১ রানে আউট হন। তবে এরপর পাল্টা আক্রমণ চালান টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস। ডেভিড ৩৮ বলে ৭৪ এবং স্টয়নিস ৩৯ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার ফলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৮৬।
ভারতের হয়ে আর্শদীপ সিং ৩৫ রানে ৩টি এবং বরুণ চক্রবর্তী ৩৩ রানে ২টি উইকেট নেন। সিরিজের চতুর্থ ম্যাচ আগামী বৃহস্পতিবার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হবে।
