সোহান ও শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে নুরুল হাসান সোহান একাদশে ছিলেন। কিন্তু ফিল্ডিং করার সময় তিনি গোড়ালিতে চোট পান। এই চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই উইকেটকিপার-ব্যাটারকে।

চোটের পর চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে সোহানের গোড়ালির এক্সরে করানো হয়। বিসিবির মেডিকেল বিভাগ এক্সরের ফলাফল পেয়েছে। ফলাফল কিছুটা ইতিবাচক, যদিও সোহান এখনও পায়ে ব্যান্ডেজ নিয়ে রয়েছেন।

বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে, সোহানের এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। আগামীকাল আবার চিকিৎসকরা তার পা পরীক্ষা করবেন, এরপর বিস্তারিত জানা যাবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। মূলত তার লিগামেন্টে আঘাত হয়েছে।

এদিকে, সোহানের মতো শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল ইসলামও। তিনি হ্যামস্ট্রিংয়ের আঘাত পেয়েছিলেন। আজ তার এমআরআই রিপোর্ট পাওয়া গেছে। জানা গেছে এটি গ্রেড ওয়ান ইনজুরি, যার কারণে শরিফুল ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।

Leave a Comment