
আলভারেজকে দলে টিকিয়ে রাখতে বন্ধু রোমেরোকে ভেড়ানোর চেষ্টা আতলেতিকোর
ফুটবল বিশ্বে দলবদল নিয়ে গুঞ্জন আর জল্পনা-কল্পনার অন্ত নেই। স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ এখন এমন এক হিসাব মেলাতে চাইছে, যা সফল হলে এক পাথরে দুই পাখি শিকার হবে। একদিকে রক্ষণভাগের শক্তি বহুগুণ বেড়ে যাবে, অন্যদিকে ফরোয়ার্ড লাইনআপের মূল অস্ত্র হুলিয়ান আলভারেজকে মাদ্রিদে দীর্ঘসময় ধরে রাখার পথও সুগম হবে। ক্লাবটির নীতিনির্ধারকেরা তাই মাঠে এবং মাঠের বাইরে বেশ কৌশলগত পদক্ষেপ নেওয়া শুরু করেছেন।
গত বিশ্বকাপ চলাকালীন সময়েই আলভারেজের ক্লাব ছাড়ার গুঞ্জন জোরালো হয়। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর ফরোয়ার্ড নিজেই নিজের ‘স্বপ্নপূরণ’ করতে ক্লাব পরিবর্তনের ইশারা দেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের মূল লক্ষ্য স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় ক্লাবই তাঁকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল। বিশেষ করে বার্সার পাঠানো প্রায় ১০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব সোজাসাপ্টা নাকচ করে দেয় আতলেতিকো। শুধু তা-ই নয়, কাতালান ক্লাবটির সেই প্রস্তাবের তীব্র সমালোচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আনুষ্ঠানিক অভিযোগও ঠুকে দেয় মাদ্রিদের ক্লাবটি।
আইনি ও চুক্তির দিক থেকে আতলেতিকো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ২০৩০ সালের জুন মাস পর্যন্ত ক্লাবটির সঙ্গে আলভারেজের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এছাড়া তাঁর বিশাল অঙ্কের রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি ইউরো। এত কড়াকড়ি ও দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও ক্লাব কর্তৃপক্ষ পুরোপুরি নির্ভার থাকতে পারছে না। কারণ খেলোয়াড়ের মানসিক সন্তুষ্টি এবং তাঁকে ধরে রাখার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। আর এই সংকট কাটাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, একটি মাস্টারপ্ল্যান সাজিয়েছে আতলেতিকো।
পরিকল্পনাটি হলো টটেনহাম হটস্পার থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে দলে ভিড়ানো। এই রোমেরো শুধু মাঠেই আলভারেজের জাতীয় দলের সতীর্থ নন, বরং তাঁর অত্যন্ত ঘনিষ্ট বন্ধুও বটে। চলতি গ্রীষ্মকালীন দলবদলের বাজারে রোমেরো নিজেও টটেনহাম ছাড়তে মানসিকভাবে প্রস্তুত আছেন। তাঁর ব্যক্তিগত ইচ্ছা ছিল প্রিমিয়ার লিগের অন্য ক্লাব আর্সেনালে যোগ দেওয়া। তবে প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে নিজেদের তারকা ডিফেন্ডারকে কোনোভাবেই ছাড়তে নারাজ টটেনহাম কতৃপক্ষ। ইএসপিএনের তথ্যমতে, ঠিক এই সুযোগটি কাজে লাগিয়ে প্রায় চার কোটি ইউরোর বিনিময়ে রোমেরোকে নিজেদের ডেরায় আনার জোর চেষ্টা চালাচ্ছে আতলেতিকো।
মাদ্রিদের ক্লাবটির বিশ্বাস, রক্ষণের স্তম্ভ রোমেরোকে দলে টানতে পারলে রক্ষণভাগের ভঙ্গুর দশা যেমন কাটবে, তেমনি আলভারেজকে নিয়ে চলা নাটকেরও অবসান ঘটবে। কারণ মাঠের বাইরে দুজনের বন্ধুত্ব বেশ গভীর। স্ট্রাইকার হিসেবে আলভারেজের যেকোনো অর্জনে রোমেরোর মানসিক সমর্থন সবসময় কাজ করে। এর আগে আতলেতিকোয় যোগ দেওয়ার পর স্পেনের এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলভারেজ সাফ জানিয়েছিলেন, তাঁর ক্যারিয়ারে মুখোমুখি হওয়া সমস্ত ডিফেন্ডারের মধ্যে রোমেরোই সেরা। এই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের কথা মাথায় রেখেই আতলেতিকোর কর্তারা আশা করছেন, ড্রেসিংরুমে বন্ধুকে কাছে পেলে বার্সেলোনায় যাওয়ার জেদ বা চিন্তা থেকে দূরে সরে আসবেন আলভারেজ। সব মিলিয়ে রোমেরোকে মাদ্রিদে আনার চুক্তিটি চূড়ান্ত করা গেলে তা কেবল একটি সাধারণ খেলোয়াড় বদল হবে না, বরং তা ক্লাবটির ভবিষ্যৎ সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি হয়ে উঠবে।