জাবি আলোনসো এবার প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। কতটা সফল হবেন, তা ভবিষ্যতই বলবে। তবে ৪৩ বছর বয়সী এই স্প্যানিশের শুরু এতটাই শক্তিশালী যে, গত ছয় দশকের মধ্যে রিয়ালের অন্য কোনো তারকা কোচ এমন রেকর্ড গড়ে দেখাতে পারেননি। কাল রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৪–০ গোলে হারিয়েছে তার দল।
এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে রিয়ালের ১৩তম জয়। লিগে ১১ ম্যাচে জিতেছে ১০টি, চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচে ৩টি।
রিয়াল এই মৌসুমে কেবল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছে। সেপ্টেম্বর মাসে নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৫-২ ব্যবধানে হারের পরও দলটি এই মৌসুমে দুর্দান্ত এক শুরু পেয়েছে। প্রথম ১৪ ম্যাচে এমন সফল সূচনা রিয়াল সর্বশেষ দেখেছিল ১৯৬১-৬২ মৌসুমে, যখন দলটি স্প্যানিশ কোচ মিগুয়েল মুনোজের অধীনে খেলেছিল।
অর্থাৎ গত ৬২ বছরের মধ্যে অনেক কিংবদন্তি কোচ দলটির দায়িত্ব সামাল দিয়েছেন, কিন্তু এত ভালো শুরু কোনো কোচের অধীনে হয়নি। ইতিহাসে প্রথম ১৪ ম্যাচে এত ভালো শুরু রিয়াল প্রথমবার পেয়েছিল ১৯২৮-২৯ মৌসুমে। তখন হোসে আঞ্জেল বেরাওন্দোর অধীনে দলটি ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতে জয় পেয়েছিল, একটি ম্যাচ ড্র হয়েছে।
চলতি মৌসুমে রিয়ালের এমন ছন্দে বড় অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। কালও তিনি জোড়া গোল করেছেন। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পর ৩১ মিনিটে দ্বিতীয় গোলও করেছেন। বাকি দুটি গোল করেছেন জুড বেলিংহাম (৪৪ মিনিটে) ও আলভারো কারেরাস (৮২ মিনিটে)।
এই মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোল এখন ১৩টি, চ্যাম্পিয়নস লিগে আরও ৫টি। সব মিলিয়ে রিয়ালের হয়ে প্রথম ৪৫ ম্যাচে ৪৪টি গোল করেছেন এমবাপ্পে। রিয়ালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ৪৫ ম্যাচে গোল করেছিলেন ৪৩টি, অর্থাৎ একটি কম। প্রথম ৪৪ গোল করতে এমবাপ্পের চেয়ে কম ম্যাচ খেলেছেন শুধু ফেরেঞ্জ পুসকাস। হাঙ্গেরিয়ান এই ফুটবলার প্রথম ৪৪ গোল করতে খেলেছেন ৪৪ ম্যাচ।
এছাড়া, লিগে এমবাপ্পে সর্বশেষ ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই গোল করেছেন। রিয়ালে রোনালদোর পর তিনিই প্রথম খেলোয়াড়, যিনি লিগে টানা ৮ ম্যাচ বা তার বেশি ম্যাচে গোল করেছেন।
লিগে ১১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৩০। দ্বিতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩, আর তৃতীয় স্থানে আছে বার্সেলোনা, ২২ পয়েন্ট নিয়ে। আজ রিয়াল মাদ্রিদ খেলবে এলচের বিপক্ষে। পরের ম্যাচে তারা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে, ৫ নভেম্বর।
