ভারত না দক্ষিণ আফ্রিকা, কে হবে চ্যাম্পিয়ন?

ভারতীয় নারী ক্রিকেট দল এর আগে দুইবার নারী বিশ্বকাপের ফাইনালে খেলেছে—২০০৫ এবং ২০১৭ সালে—তবে কোনোবারই শিরোপা জিততে পারেনি। প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা শিরোপাহীন থেকেছে, দ্বিতীয়বার ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েই জয়বিহীন অবস্থায় থাকতে হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে পৌঁছানোর পর তারা শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত। প্রশ্ন এখন ক্রিকেট বিশ্বে—ঘরের মাঠে খেলা ভারত নাকি দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা, কে জিতবে বিশ্বকাপের ট্রফি?

নারী বিশ্বকাপে একচেটিয়াভাবে আধিপত্য কায়েম করেছে অস্ট্রেলিয়া। বাকিটুকু শিরোপা জিতেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত বিশ্বকাপের ১২টি আসর খেলা হয়েছে, যেখানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরে একবার মাত্র ট্রফি নিউজিল্যান্ডের ঘরে গেছে। তাই এবার শিরোপা যে দলেরই হাত ধরে উঠুক, ক্রিকেট বিশ্ব নতুন বিশ্বচ্যাম্পিয়নের সাক্ষী হবে।

ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই সেমিফাইনালে হারিয়েছে ভিন্ন ভিন্ন বিশ্বচ্যাম্পিয়নকে—ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে, আর দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ইংল্যান্ডকে। ফাইনালে আগেই প্রশ্ন উঠছে, দুই দলের মধ্যে কারা শক্তিমত্তায় এগিয়ে?

পরিসংখ্যান অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছে ৩৪টি ম্যাচে। ভারতের জয় ২০টি, দক্ষিণ আফ্রিকার জয় ১৩টি, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সর্বশেষ পাঁচটি মুখোমুখি ম্যাচে ভারত নারীরা আধিপত্য দেখিয়েছে—পাঁচটির মধ্যে চারটিই জয় ভারতের। তবে সর্বশেষ ম্যাচে জয় এসেছে দক্ষিণ আফ্রিকার হাতে। চলতি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকা ভারতকে ৩ উইকেটে পরাজিত করেছিল।

চলতি বিশ্বকাপে সামগ্রিক পারফরম্যান্সের দিক থেকে দক্ষিণ আফ্রিকা সামান্য এগিয়ে। গ্রুপ পর্বের সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় এসেছে তাদের, যেখানে ভারত তিন জয় এবং একটি ড্র করেছে।

ভারতের জন্য সেমিফাইনালে পৌঁছানো সহজ ছিল না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচ জিতে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বিশ্বকাপের ইতিহাসে ভারত দুইবার ফাইনালে পৌঁছেছে—২০০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে হেরে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবারই প্রথমবার ফাইনালে উঠেছে।

তবে ফাইনালে মাঠের ক্রিকেটের পাশাপাশি প্রোটিয়া নারীদের মুখোমুখি হতে হবে হাজার হাজার দর্শকেরও। কারণ খেলা অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, যেখানে গ্যালারিতে নীল রঙের সমর্থকদের ঢল দেখা যাবে। ম্যাচটি হবে আজ রোববার (২ নভেম্বর) ভারতের নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

Leave a Comment