স্পোর্টস গুরুকুল নিউজ আপডেটে আপনাকে স্বাগত । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : কোয়ার্টার ফাইনালে রিয়ালই, বিশাল জয়ে স্কালোনি দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ, রিয়ালের কাছে হারার রাগ করার জায়গাও নেই ক্লপের, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা–ব্রাজিল এ বছরই মুখোমুখি, আন্তর্জাতিক কাবাডি কেন ভলিবল মাঠে হচ্ছে ?, নাপোলির ইতিহাস গড়ার আনন্দ, ৪১ বছরের ইব্রাহিমোভিচ থাকবে সুইডেন দলে, পাকিস্তানের বোলিং কোচ উমর গুল, র্যাঙ্কিংয়ে এগোলেন নাজমুল হোসেন
Table of Contents
কোয়ার্টার ফাইনালে রিয়ালই | সারা সপ্তাহের খবর
কোয়ার্টার ফাইনালে রিয়ালই
অ্যানফিল্ডে প্রথম লেগে দুই গোলে এগিয়ে গিয়েও রিয়ালের কাছে ৫–২ ব্যবধানে উড়ে গিয়েছিল লিভারপুল। অলরেডদের কপালে লাল বাতিও বলতে গেলে তখনই জ্বলে উঠেছিল। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে অলৌকিক কিছুর আশা করেছিলেন ইয়ুর্গেন ক্লপ । বাস্তবে তার ছিঁটেফোঁটাও দেখা গেল না। বরং রিয়ালের ডেরা থেকেও হার সঙ্গী করে খালি হাতেই ফিরতে হল তাদের। দুই লেগ মিলিয়ে ৬–২ অগ্রগামিতায় প্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে কার্লো আনচেলত্তির দল।
বিশাল জয়ে স্কালোনি দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ
কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা জেতার পরই বোঝা গিয়েছিল পুরস্কারটি লিওনেল স্কালোনির হাতে ওঠার সম্ভাবনাই বেশি। সেটাই হলো, তবে ভোটের পার্থক্যটা আপনাকে চমকে দিতে পারে। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ হওয়ার পথে স্কালোনি পেয়েছেন ১০৭ ভোট। ভোটাভুটিতে আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচের সঙ্গে দ্বিতীয় সেরা কোচের পার্থক্য ৭২ ভোটের। দ্বিতীয় হয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা।
রিয়ালের কাছে হারার রাগ করার জায়গাও নেই ক্লপের
অলৌকিক কিছুই করতে হতো লিভারপুলকে। ইংলিশ ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ হয়তো আগেই টের পেয়েছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই লিভারপুলের সে ক্ষমতা নেই। সে কারণেই সম্ভবত কাল রাতে রিয়ালের কাছে শেষ ষোলো ফিরতি লেগেও হেরে বিদায়ের পর চুপচাপই আছেন ক্লপ। মনে করিয়ে দিয়েছেন লিভারপুলের সামনে কতটা কঠিন চ্যালেঞ্জ।
ঘরের মাঠ অ্যানফিল্ডে শেষ ষোলো পর্বের প্রথম লেগে ২ গোলে এগিয়ে গিয়েও রিয়ালের কাছে ৫-২ ব্যবধানে উড়ে গিয়েছিল লিভারপুল। ফিরতি লেগে করিম বেনজেমার একমাত্র গোলে লিভারপুল হেরেছে ১-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৬-২ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে কার্লো আনচেলত্তির দল।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা–ব্রাজিল এ বছরই মুখোমুখি
২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে এ বছর সেপ্টেম্বরে। মহাদেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) কাল এ তথ্য জানিয়েছে। ইকুয়েডরের মুখোমুখি হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার অভিযাত্রা শুরু করবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচটি বলিভিয়ার বিপক্ষে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। ৪৮ দল নিয়ে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হবে বিশ্বকাপ।
আন্তর্জাতিক কাবাডি কেন ভলিবল মাঠে হচ্ছে ?
ভারতের পেশাদার কাবাডি লিগ প্রো-কাবাডির আদলেই ১৩ মার্চ ঢাকায় শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি। ১২টি দেশের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবেই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কাবাডি স্টেডিয়ামে হচ্ছে না এই গেম, পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে ম্যাট বিছিয়ে তৈরি করা হয়েছে বিকল্প কাবাডি কোর্ট।
নাপোলির ইতিহাস গড়ার আনন্দ
ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩–০ ব্যবধানে উড়িয়ে নাপোলি যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ আসরে এটাই ইতালিয়ান ক্লাবটির সেরা সাফল্য।
৪১ বছরের ইব্রাহিমোভিচ থাকবে সুইডেন দলে
তাঁর ক্লাব ক্যারিয়ারেরই শেষ দেখে ফেলেছিলেন অনেকে। হাঁটুর চোটে ৯ মাস বাইরে থাকার পর এসি মিলানের হয়ে মাঠে ফিরেছেন গত মাসের শেষ সপ্তাহে। এবার সুইডেন জাতীয় দলেও ডাক পেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এ মাসে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ম্যাচের দলে আছেন। ম্যাচ দুটি ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের অংশ। সর্বশেষ গত বছরের মে মাসে জাতীয় দলে খেলেছিলেন তিনি।
পাকিস্তানের বোলিং কোচ উমর গুল
সোমবার আফগানিস্তান সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করলেও কোচিং স্টাফদের নাম জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মিকি আর্থারের সঙ্গে কথা চলছে জানিয়ে অপেক্ষার কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। সাবেক দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে পিসিবির আলাপ সম্ভবত এখনো শেষ হয়নি। এক দিন পরই তাই স্থানীয়দের নিয়ে আফগান সিরিজের কোচিং স্টাফের নাম ঘোষণা করেছেন শেঠি।

র্যাঙ্কিংয়ে এগোলেন নাজমুল হোসেন
সময় এখন নাজমুল হোসেনের। ইংল্যান্ডকে ধবলধোলাই করার সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেয়েছেন এই ব্যাটসম্যান। ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়েছেন নাজমুল। শেষ টি-টোয়েন্টিতে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন ওপেনার লিটন কুমার দাসও। এগিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও। আর এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
