মিরপুর, চট্টগ্রাম বা সিলেট—যে মাঠেই খেলা হোক, সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের প্রায়ই দর্শকদের দুয়োর মুখে পড়তে হচ্ছে। সাধারণত খারাপ পারফরম্যান্সের কারণেই এমন প্রতিক্রিয়া দেখান ভক্তরা। আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট—সব ক্ষেত্রেই এই প্রবণতা দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও স্বাগতিক ক্রিকেটারদের উদ্দেশে গ্যালারি থেকে শোনা গেছে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান। বিষয়টি শুনে হতাশ হয়েছেন ক্যারিবীয় দলের প্রধান কোচ ড্যারেন সামি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই। প্রতিটি ম্যাচেই ছিল দর্শকে ঠাসা গ্যালারি। কিন্তু বাংলাদেশের হোয়াইটওয়াশ পরিণতি দেখে সমর্থকদের হতাশা প্রকাশ পায় দুয়ো আর স্লোগানে।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের দর্শকদের নিয়ে প্রশংসায় ছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সামি। তিনি বলেন, “বাংলাদেশের সমর্থকরা অসাধারণ। আমি যখনই এখানে আসি, তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে। যদিও এখন আমি খেলছি না, তবু তারা সবসময় সমর্থন দেখায়।”
তবে পরে খেলোয়াড়দের প্রতি দর্শকদের নেতিবাচক আচরণে ক্ষোভ প্রকাশ করেন সামি। তিনি বলেন, “তারা যেভাবে নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আচরণ করেছে, তা আমার ভালো লাগেনি। ‘ভুয়া-ভুয়া’ বলে ডাকা বা এমন কিছু বলা ঠিক নয়। আমি জিজ্ঞেস করেছি, এর মানে কী। একজন সমর্থক হিসেবে আপনাদের খেলোয়াড়দের পাশে থাকা উচিত, কারণ প্রত্যেকেই মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে।”
