নারী আইপিএলে তিন বাংলাদেশি

উইমেন্স প্রিমিয়ার লীগের (ডব্লিউপিএল) ২০২৬ সালের নিলামে বাংলাদেশের তিন নারী ক্রিকেটারের নাম রয়েছে। পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান এবার নিলামের অংশ হিসেবে তাদের ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছেন।

মোট ২৭৭ খেলোয়াড় নিলামে নাম জমা দিয়েছেন। তবে মাত্র ৭৩ জনই দল পাবেন, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য কোটার সংখ্যা ২৩। অর্থাৎ একজন বিদেশি ক্রিকেটারকে দল পেতে চারজনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। নিলামে নাম দেওয়া প্রতিটি খেলোয়াড়ের জন্য ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি তিনজনই ৩০ লাখ রুপিতে নিলামে নাম লিখেছেন।

ডব্লিউপিএল নিলামের তালিকায় ক্রিকেটারদের ক্যাপড ভারতীয়, অনক্যাপড ভারতীয় এবং ক্যাপড বিদেশি—এ তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে ৫০ লাখ রুপিতে, যেখানে ১৯ জন খেলোয়াড় রয়েছেন। ৪০ লাখ রুপিতে রয়েছে ১১ জন, আর ৩০ লাখ রুপির ঘরে আছে ৮৮ জন।

ভারতের বাইরে খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ নিবন্ধন অস্ট্রেলিয়ার ২৩ জন। ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ৩ জন করে এবং আরও কয়েকটি দেশ থেকে নাম এসেছে। বিশেষভাবে ৮ জনকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে, যেখানে ভারতীয় দীপ্তি শর্মা ও রেনুকা সিংসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটাররা রয়েছেন।

উল্লেখ্য, ডব্লিউপিএলের চতুর্থ আসর ৭ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। এই নিলাম হতে পারে বাংলাদেশের তিন ক্রিকেটারের আন্তর্জাতিক মানে নিজেদের পরিচয় প্রদর্শনের প্রথম বড় সুযোগ।

Leave a Comment