ফুলহামের মূল দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের অভিষেক, নজর বাফুফের
হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগের আঙিনায় লাল-সবুজের প্রতিনিধিত্ব করার নতুন বার্তা নিয়ে এলেন ফারহান আলী ওয়াহিদ। তরুণ এই উইঙ্গার এখনও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামেননি, তবে ইংলিশ ক্লাব ফুলহামের মূল দলের হয়ে তাঁর অভিষেক হয়ে গেছে। নরউইচ সিটির বিপক্ষে অনুষ্ঠিত এক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে সিনিয়র দলের জার্সিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পান এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে, অর্থাৎ ৪৬ মিনিটে ফুলহামের স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়া মাঠে নামান ফারহানকে। যদিও লড়াইয়ে ২-০ ব্যবধানে হেরে যায় ফুলহাম, তবে ফারহানের খেলায় স্বকীয়তার ছাপ ছিল স্পষ্ট। ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত না থাকায় রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হয়। তবে ক্লাব সূত্রে জানা গেছে, ম্যাচের শেষভাগে ফারহানের নেওয়া একটি দূরপাল্লার বাঁকানো শট প্রতিপক্ষের গোলরক্ষককে বেশ বেগ দিয়েছিল।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেটে। চেলসি একাডেমি থেকে ফুটবলের প্রাথমিক পাঠ নিলেও ২০১৯ সালে তিনি ফুলহামের যুব অ্যাকাডেমিতে যোগ দেন। গতি, নিখুঁত ড্রিবলিং আর ক্ষিপ্রতার গুণে দ্রুতই তিনি নজর কাড়েন ক্লাব কর্তৃপক্ষের। অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলের বাঁধা পেরিয়ে ২০২৫ সালে ফুলহামের সাথে তিনি প্রথম পেশাদার চুক্তি সই করেন। ওই মৌসুমে ‘প্রিমিয়ার লিগ টু’-তে অনবদ্য পারফর্ম করে নভেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকাতেও নিজের জায়গা করে নেন।
এদিকে ফারহানের এই সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশের ফুটবলেও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম আগেই জানিয়েছিলেন, ফারহানের এজেন্টের আগ্রহের পর তাকে লাল-সবুজ জার্সিতে খেলানোর উদ্যোগ নেয় বাফুফে। বর্তমানে ফারহানের প্রয়োজনীয় কাগজপত্র ও বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে। সব প্রস্তুতি ঠিকঠাক এগোলে সামনের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো কিংবা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপেই হয়তো ফারহানকে বাংলাদেশের জার্সিতে দৌড়াতে দেখা যাবে।