‘বাবরের ব্যাটিং নয়, তার পরিশ্রমের ভক্ত আমি’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের নির্ধারণী ম্যাচে বাবর আজমের প্রত্যাবর্তন ছিল চমকপ্রদ। দলকে জিতানোর পাশাপাশি ১৮ মাস পর তিনি টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি তুলে নেন। বাবরের এমন অসাধারণ পারফরম্যান্সের পর পাকিস্তান অধিনায়ক ও ছোটবেলার বন্ধু সালমান আগা তার প্রশংসায় পঞ্চমুখ হন। আগার মতে, বাবর বুঝতে পেরেছেন সময়ের সঙ্গে নিজেকে নতুন কিছু শেখাতে হবে এবং সেই চেষ্টাই তিনি করছেন।

অনূর্ধ্ব-১৬ থেকে বাবরের সঙ্গে ব্যাট করা সালমান আগা বলেন, ‘আপনারা হয়তো তার ব্যাটিংয়ের ভক্ত, কিন্তু আমি বাবরের পরিশ্রমের ভক্ত। সে যেভাবে প্রস্তুতি নেয়, আন্তর্জাতিক ক্রিকেটে আমি আর কাউকে এমন প্রস্তুতি নিতে দেখিনি। পারফর্ম করুক বা না করুক, তার প্রস্তুতি সবসময় নিখুঁত থাকে।’

শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাবরকে বেশ কয়েকবার সুইপ শট খেলতে দেখা গেছে, যা তার সাধারণ ব্যাটিং স্টাইলের অংশ নয়। আগা এই পরিবর্তনকেই বড় গুরুত্ব দেন। তিনি বলেন, ‘বাবর জানে তাকে খেলায় নতুন কিছু যোগ করতে হবে। ওই সুইপ শট, যা সাধারণত তার সঙ্গে যায় না, তাকে অনেক রান এনে দিয়েছে। সে এসব বোঝে কারণ সে একজন বড় খেলোয়াড় এবং জানে পরবর্তী স্তরে পৌঁছাতে হলে নিজেকে আরও এগিয়ে নিতে হবে।’

আগা আরও বলেন, ‘আমি আশা করি ভবিষ্যতে আমরা এমন বাবরকেই দেখতে পাব। কারণ সে পারফর্ম করলে আমরা নিশ্চিতভাবেই ম্যাচ জিতব। এটা আমাদের জন্য খুবই ভালো লক্ষণ।’

Leave a Comment