সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বেশ কয়েকবার বড় ছেলে রোনালদো জুনিয়রের সঙ্গে খেলতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছা পূরণের পথে এগোচ্ছে ১৫ বছর বয়সী ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। ইতোমধ্যেই তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক করেছেন। যদিও ম্যাচে তাকে ৯০ মিনিটে বদলি হিসেবে নামানো হয়।
রোনালদো জুনিয়রের ফুটবল যাত্রা বাবার পথ অনুসরণ করেই শুরু হয়েছিল। কিশোর বয়স থেকেই তার প্রতিভা ফুটে উঠেছে। আগে রোনালদো জানিয়েছিলেন, “আমি তার সঙ্গে খেলতে চাইব, কিন্তু এটি এমন কিছু নয় যা পূরণের স্বপ্নে আমি রাত জাগব। স্বপ্ন পূরণের বিষয়টি তার ওপর বেশি নির্ভর করছে। সময় চলমান এবং একদিন আমাকে থামতেই হবে।”
গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের বিপক্ষে আনাতালিয়ায় রোনালদো জুনিয়র অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক ম্যাচ খেলেছেন। তার মাঠে নামার আগে পর্তুগাল ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। গোল দুটি করেন স্যামুয়েল তাভারেস ও রাফায়েল ক্যাব্রাল। বাবার ক্লাব আল নাসরের যুব একাডেমির হয়ে ফরোয়ার্ডের ভূমিকায় মাঠে ছিলেন ক্রিশ্চিয়ানো জুনিয়র।
অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্ট ফেডারেশন কাপে এটি ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। এরপর শনিবার তারা ওয়েলসের এবং শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে। এর আগে চলতি বছরের শুরুতে রোনালদো জুনিয়র পর্তুগাল অ-১৫ দলের হয়ে খেলেছিলেন এবং গোল করেছিলেন। অন্যদিকে, তার বাবা সম্প্রতি আল নাসরের হয়ে ৯৫০তম গোলের কৃতিত্ব অর্জন করেছেন, এখনো এগিয়ে যাচ্ছেন স্বপ্নের ১০০০–এর দিকে।
এক সময় ইউরোপ মাতানো রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জেতার রেকর্ডের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের শুরুতে তিনি সৌদি প্রো লিগের আল নাসরে যোগ দেন। মাঝে জাতীয় দলে খেলার সুযোগ না পেলে নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে আবারও সুযোগ পান ক্রিশ্চিয়ানো। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২২৫ ম্যাচে ১৪৩ গোল করেছেন, যা তার জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ।
