
হামজার অভিষেকে শেফিল্ডের নাটকীয় জয়, প্রথম তিন পয়েন্ট
ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে নাম লেখানোর পর প্রথম ম্যাচেই জয়ের হাসি হাসলেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত নাটকীয় এক ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপে এটি তাদের প্রথম জয়।
ব্রামাল লেনে অনুষ্ঠিত এই ম্যাচটিতে শুরু থেকেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। এর আগের তিনটি ম্যাচেই ড্র করে মাঠ ছাড়ায় শেফিল্ডের জন্য জয়ের বিকল্প ছিল না। বল দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে থেকে ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা। পুরো ম্যাচে বোল্টনের গোলমুখে তারা ২০টি শট নিয়ে তিনবার জালের দেখা পায়। অন্যদিকে, পিছিয়ে ছিল না প্রতিপক্ষ বোল্টনও। তারা ৪৭ শতাংশ সময় বল দখলে রেখে শেফিল্ডের গোলবার লক্ষ্য করে ২১টি শট নেয়, যার মধ্যে পাঁচটি লক্ষ্যে থেকে দুটি গোলে পরিণত হয়।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয় হামজা চৌধুরীর দলকে। প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের দুর্দান্ত গোলে এগিয়ে যায় সফরকারী বোল্টন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। মাত্র তিন মিনিটের ব্যবধানে সমতা ফেরায় শেফিল্ড। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোলের দেখা না মিললে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। স্যাম ডাল্বির করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বোল্টন। তবে দমে যায়নি শেফিল্ড। গোল হজমের ঠিক এক মিনিট পরেই প্যাট্রিক ব্যামফোর্ড বল জালে জড়িয়ে ম্যাচে দারুণভাবে সমতা ফিরিয়ে আনেন।
ম্যাচটি যখন শেষ পর্যন্ত ড্রয়ের দিকেই এগোচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেয় শেফিল্ড। রোমেলে ডোনোভানের দুর্দান্ত জয়সূচক গোলে ৩-২ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর এই জয়ের সুবাদেই শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে নিজেদের প্রথম ম্যাচেই স্মরণীয় এক জয়ের স্বাদ পেলেন হামজা চৌধুরী।