এক বছরেরও বেশি সময় পর ব্রাজিল জাতীয় দলে ফিরলেন সুপারস্টার ফরোয়ার্ড নেইমার। কোচ দরিভাল জুনিয়র ৩৩ বছর বয়সী এই তারকাকে নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার।
নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সম্প্রতি তিনি সান্তোসের হয়ে মাঠে নেমে ফিরে পেয়েছেন ছন্দ। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চার ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।
বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১৮ রাউন্ডের মধ্যে ১২টি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বকাপে জায়গা পেতে হলে সেলেসাওদের এই অবস্থান ধরে রাখতে হবে। তবে ব্রাজিলের সামনের দুটি প্রতিপক্ষ বেশ কঠিন—শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২৫ এবং চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯।
এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) প্রথমে ৫২ জনের একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল। আজ সেই দল থেকে চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে নেইমারই সবচেয়ে বড় চমক। সব ঠিক থাকলে, ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই ব্রাজিল দলে তার প্রত্যাবর্তন হবে।
ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড:
গোলকিপার:
আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), এদেরসন (ম্যানচেস্টার সিটি)।
ডিফেন্ডার:
ভেনডারসন (মোনাকো), ওয়েসলি, লিও ওরটিস, দানিলো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মাগালহাস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), মুরিলো (নটিংহাম ফরেস্ট), গিলের্মে অ্যারানা (আতলেতিকো মিনেইরো)।
মিডফিল্ডার:
আন্দ্রে (উল্ভস), ব্রুনো গিমেরেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), জোয়েলিংতন (নিউক্যাসল)।
ফরোয়ার্ড:
নেইমার (সান্তোস), এসতোভো (পালমেইরা), জোয়াও পেদ্রো (ব্রাইটন), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), স্যাভিনিও (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (উল্ভস)।
নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল দলের জন্য এক বড় অনুপ্রেরণা হতে পারে, বিশেষ করে এমন দুটি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে। ফুটবল ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কেমন পারফরম্যান্স দেখাতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
