লিটনের বিশ্বাস, শিগগিরই ফর্মে ফিরবেন জাকের আলি

এশিয়া কাপের পর থেকে ব্যাট হাতে খারাপ সময় পার করছেন জাকের আলি অনিক। ক্যারিয়ারের শুরুর সেই আগ্রাসী ব্যাটিং এখন আর দেখা যাচ্ছে না তার মধ্যে। বিশেষ করে অফসাইডের বল টেনে লেগে খেলতে গিয়ে নিয়মিত উইকেট হারাচ্ছেন তিনি। মাঝখানে একাদশ থেকেও বাদ পড়েছিলেন জাকের, তবে দলে ফিরে পুরোনো চিত্রই দেখা গেছে। তবু বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের বিশ্বাস, জাকের খুব দ্রুতই নিজের ছন্দ ফিরে পাবেন।

গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচেও জাকের ৩ বলে ৫ রান করে আউট হন। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে শেষ ১০ ইনিংসে তিনি কেবল একবারই ৩০-এর বেশি রান করতে পেরেছেন; ৫ ম্যাচে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

ম্যাচ শেষে জাকেরের ফর্ম নিয়ে লিটন দাস বলেন, “কামব্যাকের একটাই উপায়—সাহস রাখা, অতিরিক্ত চিন্তা না করা। বেশি চিন্তা করলে নেতিবাচক ভাবনাই আসবে। ইতিবাচক চিন্তা থাকলে ওর জন্য সেটা ভালো হবে।”

সতীর্থকে অনুপ্রেরণা দিয়ে তিনি আরও বলেন, “সবসময় নিজেকে বিশ্বাস করতে হবে, সময় দিতে হবে, আর যেসব মানুষ পাশে থেকে সহায়তা করে, তাদের সঙ্গে থাকতে হবে। আমি বিশ্বাস করি, জাকের খুব শিগগিরই ভালোভাবে ফিরে আসবে।”

দলের বাকি সদস্যদের প্রতিও আস্থা রেখে লিটন যোগ করেন, “যারা দলে খেলছে, সবাই পরীক্ষিত খেলোয়াড়। ২-১টা সিরিজ খারাপ যেতেই পারে। একজনের ৫-৬টা ম্যাচ ভালো না যাওয়ায় মানে এই নয় যে সে খারাপ খেলোয়াড়।”

Leave a Comment