ইমার্জিং এশিয়া কাপের দলে ডাক পেলেন জাওয়াদ আবরার

বাংলাদেশের জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটাররা ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের সিরিজ শেষ হলেও এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। কিছু দিনের মধ্যে আকবর আলির নেতৃত্বে বাংলাদেশ হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে। চলতি মাসে অনুষ্ঠিত হবে ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ, যেখানে ডাক পাচ্ছেন জাওয়াদ আবরার।

এদিকে, রাজশাহীতে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলও ওয়ানডে সিরিজ খেলছে। এরপর ১২ নভেম্বর থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ, যা এবার ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’ নামে আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল খেলবে এ গ্রুপের শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং জাতীয় দলের সঙ্গে। বি গ্রুপে থাকছে ভারত-পাকিস্তান ‘এ’ দল, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বাংলাদেশ দলের জন্য এই ইমার্জিং ক্রিকেটারদের টুর্নামেন্টে সাধারণত জাতীয় দলের বাইরে থাকা বা পাইপলাইনে ফর্মে থাকা খেলোয়াড়রা ডাক পান। অ্যাটাকিং ওপেনার হওয়ায় জাওয়াদ আবরারকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট, এমন তথ্য নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তবে সবশেষ দুটি সিরিজে ব্যাট হাতে আবরারের ছন্দ ভালো ছিল না। এবারের দল গঠনে অভিজ্ঞ এবং নতুন খেলোয়াড়দের সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। এখনও দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে মোট ৮ দল অংশ নেবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলগুলো খেলছে ইমার্জিং এশিয়া কাপ। এই লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত টুর্নামেন্টের নাম এবার পরিবর্তন করে রাইজিং স্টার্স রাখা হয়েছে।

Leave a Comment