আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসান। আজ তারা উভয়েই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন।
গত বছরের বিপিএলে তাসকিন দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাজশাহী দলের হয়ে, আর সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এবারের নিলামের আগে সব দলকে দুজন করে স্থানীয় ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ঢাকা ক্যাপিটালস সেটি কাজে লাগিয়ে তাসকিন ও সাইফকে দলে অন্তর্ভুক্ত করেছে।
এদিকে ওপেনার তানজিদ হাসান বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সে খেলবেন। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেনও।
বিপিএলের দ্বাদশ আসর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা। তার আগে ২১ নভেম্বর হবে নিলাম। গত কয়েক বছরে ড্রাফট পদ্ধতি ব্যবহার হলেও এবার বিসিবি সরাসরি নিলামের আয়োজন করছে।
