মাত্র তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের প্রেমের সম্পর্ক শেষ হয়ে গেছে। স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োস জানিয়েছেন, ইয়ামাল নিজেই এ কথা স্বীকার করেছেন। সম্প্রতি ইয়ামালের সঙ্গে ইতালীয় ইনফ্লুয়েন্সার আনা গেনোসোর সাক্ষাতের গুঞ্জন সামনে আসার পরই নিকোল-ইয়ামালের সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে।
তবে ইয়ামালের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ তিনি অস্বীকার করেছেন। সাংবাদিক হোয়োস জানান, বিষয়টি স্পষ্ট করতে নিজেই ইয়ামাল তার সঙ্গে যোগাযোগ করেছেন। হোয়োস বলেন, “নিকি নিকোলের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার বিষয়টি লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছে। বিষয়টি সাম্প্রতিক নয়। কোনো প্রতারণা বা বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেনি।”
সমস্যার সূত্রপাত হয় ইয়ামালের সম্প্রতি মিলান ভ্রমণের সময়। একটি স্প্যানিশ ট্যাবলয়েড জানায়, মিলানে অল্প সময়ের সফরে ইয়ামালকে আনা গেনোসোর সঙ্গে দেখা গেছে। প্রাইভেট জেটে তার সঙ্গে ছিলেন বন্ধু ও পরিবারের সদস্যরা। সেখানে থাকা একজন বন্ধু সোহাইব একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, যা আরমানি হোটেলের ভিডিওর সঙ্গে মিল রয়েছে বলে গুঞ্জন উঠেছে। এরপরই কিছু মহল নিকোলের সঙ্গে ইয়ামালের অবিশ্বাসের অভিযোগ তোলে।
গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল RTVE-এর এক অনুষ্ঠানে জাভি হোয়োসকে বলেছেন, “আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো প্রতারণার সংশ্লিষ্টতাও নেই। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। সাম্প্রতিক সময়ে ছড়ানো তথ্য সঠিক নয়। আমি কোনোভাবে বিশ্বাস ভঙ্গ করিনি, কিংবা অন্য কারও সঙ্গে সম্পর্ক নেই।” স্প্যানিশ তারকা আরও দাবি করেছেন, মিলান ভ্রমণের আগে থেকেই তার ও নিকোলের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, নিকি নিকোল এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি নিজের ইনস্টাগ্রাম থেকে ইয়ামালের সঙ্গে থাকা ছবি সরিয়ে দিয়েছেন। ইয়ামাল নিজে ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন—একটিতে বিষণ্ণ অবস্থা এবং আরেকটিতে হাস্যোজ্জ্বল ছবি। এসব ঘটনা ঘটেছে ঠিক তখন, যখন এল ক্লাসিকোতে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় এবং ১৮ বছর বয়সী এই তারকা সমালোচনার মুখে পড়েন।
ইয়ামালের জন্য আরও বড় দুশ্চিন্তার বিষয় তার চোট। যার কারণে বার্সেলোনার আগামী ম্যাচে তিনি খেলতে পারছেন না বলে ধারণা করা হচ্ছে। শিষ্যকে নিয়ে কাতালান ক্লাবের কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, “সে ভালো আছে। কিছুদিন ধরে ব্যথা আছে, তবে ধীরে ধীরে উন্নতি করছে। আমি লামিনের সঙ্গে কথা বলেছি। সবসময়ই তাকে রক্ষা ও সহায়তা করার জন্য প্রস্তুত আছি। সে তরুণ এবং দারুণ প্রতিভাবান…আমরা একসাথে এগিয়ে যাব।”
