বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। বালিকা দলের সাফল্যের পর এবার অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দলও ব্রোঞ্জ পদক জয় করেছে। এটি এই গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক।
ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে। ম্যাচটি দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।
এর আগে গেমসে বাংলাদেশের প্রথম পদকটি এসেছে অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল থেকে, যারা শ্রীলঙ্কাকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছিল। ছেলেদের এই জয়ের ফলে এবারের আসরে বাংলাদেশ দুইটি ব্রোঞ্জ পদক অর্জন করলো, যা দুটোই কাবাডি থেকে এসেছে।
টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিদের শুরুটা কিছুটা কঠিন ছিল। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে তারা দারুণভাবে ফিরে আসে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দ্বিতীয় জয় পেলেও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারায় ফাইনালের পথে বাধাগ্রস্ত হয় দলটি। তবুও শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারিয়ে পদক নিশ্চিত করে তারা।
উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত দুই এশিয়ান যুব গেমসে অংশ নেওয়া সত্ত্বেও বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি। এবারের আসরে কাবাডিতে ছেলে-মেয়েদের একযোগে সাফল্য বাংলাদেশের জন্য নতুন অধ্যায় রচনা করলো।
