মেসি-হলান্ডের সঙ্গে রোনালদোর তুলনা ‘শিশুসুলভ’ বললেন মার্তিনেজ

চলতি বিশ্বকাপে পর্তুগালের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়েছিল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যে সমীকরণ ছিল, তা মেলাতে পারেনি দলটি। আজ কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করায় গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষেও ড্র করেছিল পর্তুগাল। গ্রুপ পর্বে দলটির একমাত্র দাপুটে পারফরম্যান্স ছিল উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়টি।

পর্তুগালের খেলা এই তিন ম্যাচের সব কটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে দুটি গোল করলেও ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ফুটবল মহলে আলোচনা-সমালোচনা চলছে। নকআউটের আগে তাকে বিশ্রাম না দিয়ে প্রতিটি ম্যাচে পুরোটা সময় খেলানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ পর্তুগিজ সমর্থক ও ফুটবল বিশ্লেষকরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোয় অন্যান্য পরাশক্তিদের নিজেদের বড় তারকাদের বিশ্রাম দিতে দেখা গেছে। যেমন ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ে তাদের সেরা তারকা আর্লিং হলান্ডকে শুরুর একাদশে রাখেনি। একইভাবে জর্ডানের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকেও বিশ্রামে রেখেছিলেন কোচ। এই দুটি প্রসঙ্গ টেনেই পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজের কাছে জানতে চাওয়া হয়েছিল রোনালদোর ওপর অতিরিক্ত কাজের চাপ এবং তার বিশ্রামের পরিকল্পনা নিয়ে।

কলম্বিয়ার সঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই প্রশ্ন শুনে কিছুটা উষ্মা প্রকাশ করেন মার্তিনেজ। সরাসরি অন্য তারকাদের উদাহরণ নাকচ করে তিনি বলেন, “আমরা অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে ক্রিস্টিয়ানোর তুলনা করি না। এই বয়সে এসেও ওর অর্জনের সঙ্গে অন্যদের তুলনা করাটা হবে স্রেফ শিশুসুলভ।”

মার্তিনেজের বিশ্বাস, ৪১ বছর বয়সে এসেও শারীরিকভাবে পর্তুগাল অধিনায়ক যেভাবে নিজেকে ধরে রেখেছেন, তা অবিশ্বাস্য। মনের জোর আর কঠোর শৃঙ্খলাই রোনালদোকে বাকিদের চেয়ে আলাদা করেছে বলে মনে করেন তিনি। পর্তুগিজ কোচ যোগ করেন, “সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে সে অভ্যস্ত। প্রশ্নটা আসলে মূলত মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবদ্ধ থাকা ও আমাদের আক্রমণাত্মক কৌশলে জায়গা তৈরি করার। ক্রিস্টিয়ানো মাঠে ঠিক এই কাজটাই করে যাচ্ছে।”

তবে টানা ম্যাচ খেলে যাওয়া রোনালদোকে নিয়ে পরের ম্যাচগুলোর জন্য কোচ একটি সূক্ষ্ম ইঙ্গিতও দিয়ে রেখেছেন। মার্তিনেজ জানান, “রোনালদোর জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে দলের প্রয়োজনে পরের ম্যাচে হয়তো কিছু পরিবর্তন আনতে হতে পারে। তবে সেটা কেবল রোনালদোর জন্য নয়, দলের অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।”

আজ কলম্বিয়ার বিপক্ষে কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় নকআউট পর্বে পর্তুগালের পথটা বেশ কঠিন হয়ে গেল। শেষ ৩২-এর মঞ্চে তাদের লড়তে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে। আর সেই বাধা পার হতে পারলে শেষ ষোলোতে তাদের সামনে পড়তে পারে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তবে প্রতিপক্ষ নিয়ে এখনই খুব একটা দুশ্চিন্তা করতে রাজি নন পর্তুগাল কোচ।

রবার্তো মার্তিনেজের নজর এখন নকআউটের রণকৌশলে। তিনি বলেন, “এখন আমাদের নিজেদের গুছিয়ে নেওয়ার ও ভুলগুলো শুধরে উন্নতি করার সময়। মাঠে আরও বেশি বলের দখল ও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে। টুর্নামেন্টের সেরা ছন্দে পৌঁছাতে গ্রুপ পর্বের এই তিনটি ম্যাচ আমাদের দরকার ছিল। এখন থেকে সম্পূর্ণ আলাদা একটা টুর্নামেন্ট শুরু হবে, যেখানে ভুলের কোনো সুযোগ নেই।”

মন্তব্য করুন